
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফের সমর্থনে ফিংড়ী ইউনিয়নে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে এ জনসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী আব্দুর রউফ। বক্তব্যে তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রলোভন দেওয়া হচ্ছে-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিকু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুল প্রমুখ। আয়োজকদের দাবি, বিকেল তিনটার আগেই মাঠে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। সভা সঞ্চালনা করেন আবু জাফর ও আক্তারুল ইসলাম।
আপনার মতামত লিখুন :