সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলাবিষয়ক মাসিক সভা


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলাবিষয়ক মাসিক সভা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ, অবৈধ ইজিবাইক বন্ধ, মাদক বিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা মহিলাদলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বক্তব্য রাখেন।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়শ’ সদস্য মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবির সদস্যারা।

সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভোটের পর তিনদিন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।

জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার বলেন, নারী ভোটারদের সনাক্ত করতে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে।