যশোরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ, নারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১২:১০ অপরাহ্ন /
যশোরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ, নারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
যশোরে এক ব্যবসায়ীকে আটক রেখে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে বৃষ্টি (নাম পরিবর্তিত নয়) নামে এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক বৃষ্টি চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীনসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন সাতক্ষীরা জেলার কেরালকাতা দরবাসা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে বৃষ্টিকে আটক করে পুলিশ।
মামলার এজাহারে মিজানুর রহমান উল্লেখ করেন, বৃষ্টি তার পূর্বপরিচিত। শুক্রবার সকালে মোবাইল ফোনে তাকে যশোরে আসতে বলা হয়। যশোরে পৌঁছানোর পর তাকে স্বাধীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছামাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে চাকুর মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে বলা হয়, এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৮ হাজার ৮৮০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়। পরে তাকে চাঁচড়া মোড়ে নিয়ে একটি বাসে তুলে দিয়ে বলা হয়, এ বিষয়ে কোনো ঝামেলা করলে ধর্ষণ মামলায় ফাঁসানো হবে।
ঘটনার পর মিজানুর রহমান বিষয়টি পুলিশকে অবহিত করলে রাতেই অভিযান চালিয়ে বৃষ্টিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম জানান, মামলার অপর আসামি স্বাধীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।