
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবি ও র্যাবের এক সফল যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ (উইনসিরেক্স সিরাপ) দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে সুমন মিয়া (১৭) এবং একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে নয়ন মিয়া (২০)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একদল মাদক কারবারি সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাব যৌথভাবে পুটখালী সীমান্তে অবস্থান নেয়। অভিযানে সন্দেহভাজন দুই যুবককে ধাওয়া করে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :