নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন /
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভা শেষে বাড়ি ফেরার পথে নসিমন দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি–ভাদুরিয়া সড়কের বিশাইনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ছয়জন আহত হয়।

নিহত ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকার মৃত আসগার আলীর ছেলে মমতাজ আলী (৬৫)। দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আব্দুল মাজিদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মাজিদকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।