
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আগরদাঁড়ী ফুটবল মাঠে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এবং আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের বিএনপি প্রার্থী, মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতাবিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রশিবিরের ছেলেদের দিয়ে ধানের শীষের ব্যানার ছেঁড়া হচ্ছে। ব্যানার ছিঁড়লে আমাদের ভোট কমবে না—আল্লাহর রহমতে ধানের শীষের ভোট আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “আগরদাঁড়ী ইউনিয়ন এখন বিএনপির ধানের শীষের ঘাঁটি। এখানকার মানুষের গণজোয়ার ও জনস্রোতই প্রমাণ করে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের লাল কার্ড দেখানো হবে।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্সসহ আরও অনেকে।
এ সময় জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নূর মোহাম্মদ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত এই জনসভা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
আপনার মতামত লিখুন :