টর্চের আলোয় বাঁচল অটো চালকের প্রাণ, ঘোড়াঘাটে ছিনতাইকালে গ্রেপ্তার ১


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন /
টর্চের আলোয় বাঁচল অটো চালকের প্রাণ, ঘোড়াঘাটে ছিনতাইকালে গ্রেপ্তার ১

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

টর্চলাইটের এক ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা। চালক ও স্থানীয়দের সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬)। তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার নামে থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিন ব্যক্তি একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুর এলাকার নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। চক্রের একজন অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় বাকি দুইজন চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ও পেটে ছুরি ধরে রাখে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পাকা সড়কের দিকে উঠতেই চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চালক আহত হন। পরে দুই ছিনতাইকারী মিলে তাকে টেনেহিঁচড়ে গভীর ধানক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঠিক সেই মুহূর্তে পাশের ধানক্ষেতে সেচ দিতে থাকা এক স্থানীয় ব্যক্তি টর্চলাইট জ্বালিয়ে এগিয়ে এলে আলোর ঝলকানিতে ভড়কে যায় ছিনতাইকারীরা। পালানোর সময় আহত চালকের সাহসিকতায় মোস্তফা নামের ওই ছিনতাইকারীকে ধরে ফেলা হয়। পরে চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।