চার দলীয় নকআউট আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব- (আকরাম সানা)


Desk News প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:১২ অপরাহ্ন / ০
চার দলীয় নকআউট আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব- (আকরাম সানা)

মোক্তার হোসেন,কয়রা
কপোতাক্ষ নদের তীরে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য যেন নতুন করে জেগে উঠলো। নদীর এপার কয়রা, ওপার আশাশুনি — দুই পাড়ের হাজারো ফুটবলপ্রেমীর গর্জনে মুখরিত ভোলানাথপুর মাঠে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্খিত ফাইনাল। ভোলানাথপুর, মনিপুর কসমোপলিটন ক্লাব, আনুলিয়া, আশাশুনি, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত চার দলীয় নকআউট আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪ লক্ষ টাকার মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কয়রার গর্ব বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব। (আকরাম সানা),
ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল পিরোজপুরের শক্তিশালী এমরান ফুটবল একাদশ। উভয় দলেই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ হয়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধ ছিল টানটান উত্তেজনায় ভরা। দুই দলই একে অপরের রক্ষণ ভাঙতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু গোলশূন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা।
অবশেষে খেলা শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাগালী আগমনীর ৮ নং জার্সি পরিহিত ভরসার নাম রাকিব তার চমৎকার রক্ষণাত্মক ভঙ্গি ভেঙে ক্ষিপ্র গতিতে আক্রমণে উঠে যান এবং বিপক্ষের জালে বল জড়িয়ে দলকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন।
এই একমাত্র গোলেই ভাগ্য নির্ধারিত হয়। ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ হয় এমরান ফুটবল একাদশ।
পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম নেতা গাজী আলাউদ্দীন। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম।
মোক্তার হোসেন।
কয়রা ।