
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী রানা রবি দাস গত ৫ এপ্রিল ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে রানা রবি দাস (২৮) গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় কালুপাড়া পিটালীগাছা গ্রামস্থ হরি সভার অনুষ্ঠানে যোগ দিতে যান। তিনি তার ব্যবহৃত লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভার গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রসাদ খেতে যান। পরবর্তীতে বিকেল ৫:১০ ঘটিকায় প্রসাদ খেয়ে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই।
আশপাশে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে অজ্ঞাতনামা চোর চক্র তার যানটি চুরি করে নিয়ে গেছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রী রিপন চন্দ্র সরকার ও মনিন্দ্রনাথ বসুসহ আরও অনেকে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
চুরি হওয়া মোটরসাইকেলটির মডেল বাজাজ ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো রঙ), ইঞ্জিন নম্বর, JXPPM81325 চেসিস নম্বর, PSUB44BYXPIU81097 আনুমানিক বাজার মূল্য, ১,৬৯,৭৬০ টাকা।
ভুক্তভোগী রানা রবি দাস তার চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :