
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত ১৬ই মার্চ রাতের ভয়াবহ শিলাবৃষ্টিতে ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন ও পৌরসভার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঘরবাড়ি ও আলু ক্ষেতের ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “সরকার বসে নেই। প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। মাত্র ৩ দিনের ব্যবধানে আমরা আজ সহায়তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।”
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা করা হয়েছে। যারা এখনো তালিকার বাইরে আছেন, তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের ছুটির পরপরই অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের সবার পাশে দাঁড়াবে সরকার। কেউ বঞ্চিত হবে না, মন খারাপ করার কিছু নেই।”
বক্তব্যে ডা. জাহিদ হোসেন সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “চাঁদাবাজি, দখলদারি বা কারও গাছ কেটে ফেলার মতো অন্যায় কাউকে করতে দেওয়া যাবে না। অন্যায়ের কাছে মাথা নত করা হবে না।” নারী নির্যাতনের ঘটনায় কোনো আপস নেই উল্লেখ করে তিনি বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” ছোটখাটো বিরোধ মিমাংসার জন্য মুরুব্বিদের নিয়ে বসার পরামর্শ দিলেও ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন তিনি।
বর্তমান সরকারের মাত্র ৩১ দিনের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু এবং ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের যাজকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম চৌধুরী এবং আব্দুল সাত্তার মিলন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে মন্ত্রী উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
আপনার মতামত লিখুন :