ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়


Desk News প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন /
ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শুরু হয়েছে জমজমাট ঈদের কেনাকাটা। উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়, বিশেষ করে রাণীগঞ্জ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচার ধুম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাণীগঞ্জ বাজারে দূরদূরান্ত থেকে মানুষ ঈদের কেনাকাটা করতে আসছেন। পোশাকের দোকান, জুতা, কসমেটিকস, গহনা ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবাই পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতারা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের চাপ বাড়ছে। বিশেষ করে বিকেলের পর থেকে রাত পর্যন্ত বাজারে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। ভালো বিক্রির আশায় দোকানিরাও নতুন নতুন ডিজাইনের পোশাক ও সামগ্রী তুলেছেন দোকানে।

বিক্রেতারা আরোও জানান, গত কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা বেশ ভালো এবং মানুষ আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন।

বাজারে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রকমারি পোশাক। তরুণীদের জন্য: নতুন ডিজাইনের থ্রি-পিস ও লেহেঙ্গা। শিশুদের জন্য: উজ্জ্বল রঙের ফ্রক ও বাহারি সেট। পুরুষদের জন্য: বিভিন্ন কারুকাজ করা পাঞ্জাবি ও শার্ট।

রাণীগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, পরিবারের সবাইকে নিয়ে ঈদের প্রস্তুতি নিতে বাজারে এসেছেন। তবে অনেক পণ্যের দাম কিছুটা বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের একটু কষ্ট হচ্ছে বলেও জানান তারা।

অন্যদিকে, ব্যবসায়ীরা বেশ উৎফুল্ল। কাপড় ব্যবসায়ী রাফি বলেন, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং মানুষের হাতে টাকা থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি। আশা করছি চাঁদ রাত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।”

এদিকে ক্রেতাদের ভিড় বাড়ায় বাজারে যানজট ও মানুষের চাপও বেড়েছে। তবুও ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজার। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের শেষ কয়েক দিনে বেচাকেনা আরও বাড়বে।